জুলাই ১৮, ২০২৬, ১১:০০ এএম
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনালে কোন দল কোন রঙের জার্সি পরবে, তা চূড়ান্ত হয়েছে। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশী হোম জার্সি পরেই মাঠে নামবে।বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে আলবাসিলেস্তারা এই হোম কিটই ব্যবহার করেছে।
সাদা-আকাশী জার্সির সঙ্গে তাদের পরনে থাকবে সাদা শর্টস ও মোজা। ফাইনালেও এই পোশাকেই দেখা যাবে মেসিদের। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ফাইনালে সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন। বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে এবং কোপা আমেরিকা ফাইনালে তিনি একই রঙের জার্সি ব্যবহার করেছিলেন।অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিট ব্যবহার করা স্পেন ফাইনালে ফিরছে তাদের মূল জার্সিতে। লাল রঙের জার্সির সঙ্গে নীল হাতা ও হলুদ নকশার কিট পরে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়নরা।
শিরোপার লড়াইয়ে নামার আগে দুই দলেরই লক্ষ্য পরিষ্কার। আর্জেন্টিনা তাদের চতুর্থ এবং স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। গত কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা তাদের হোম জার্সি ব্যবহার করলেও, ইংল্যান্ড ও জর্ডানের বিপক্ষে সেমিফাইনাল ও গ্রুপপর্বে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরেছিল তারা। কিন্তু ফাইনালে সমর্থকদের প্রিয় সাদা-আকাশী জার্সিতেই মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী রবিবার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দুই দলের লড়াই দেখার জন্য অপেক্ষা করছে বিশ্ববাসী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন