বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপ ফাইনাল টিকিটের সর্বনিম্ন মূল্য কত?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ০৬:২০ পিএম

বিশ্বকাপ ফাইনাল টিকিটের সর্বনিম্ন মূল্য কত?

ছবি - সংগৃহীত

লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এই মেগা ম্যাচ দেখতে টিকিটের চাহিদা আকাশচুম্বী। শেষ মুহূর্তের টিকিটের দাম ১০ হাজার থেকে শুরু করে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬ হাজার ৪১১ দশমিক ২৫ ডলার, যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়েছে। মাঠের কাছাকাছি বসে খেলা দেখার জন্য দর্শকদের খরচ করতে হবে প্রায় ১৬ হাজার ডলার। আর হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত।

সিটগিক ও স্টাবহাব এর মতো প্ল্যাটফর্মগুলোতেও একই চিত্র দেখা গেছে। সেখানেও ওপরের গ্যালারির টিকিটের দাম ১০ হাজার ডলারের নিচে নেই। নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

ফুটবলপ্রেমীদের কাছে এই বিপুল অর্থ ব্যয় সার্থক মনে হতে পারে। একদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে ইতিহাস গড়ার লড়াইয়ে দেখা যাবে, অন্যদিকে ফুটবলের উদীয়মান তারকা লামিন ইয়ামালের পারফরম্যান্স উপভোগ করার সুযোগ থাকবে। মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন। ২০১৪ ও ২০২২ সালের পর ২০২৬ সালে আবারও সেই মঞ্চে উঠছেন তিনি।

আর্জেন্টিনা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর তাদের দ্বিতীয় শিরোপার খোঁজে ফাইনাল খেলবে। বিশ্বকাপ শুরুর আগে ফিনালিসিমা ম্যাচে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়েছিল। তবে এখন ফাইনালের মঞ্চেই তারা মুখোমুখি হচ্ছে।