জুলাই ২৪, ২০২৬, ০৩:৫৯ পিএম
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর থেকেই আর্জেন্টিনা দল ও দেশের নাগরিকদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় বইছে। খেলাধুলার গণ্ডি পেরিয়ে এই বিতর্ক এখন দুই দেশের তারকা ও সেলিব্রিটিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার পক্ষে অত্যন্ত জোরালো অবস্থান নিয়ে সবার নজর কেড়েছেন অধিনায়ক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জোরালো বার্তা শেয়ার করে তিনি এই সমালোচনার কঠোর প্রতিবাদ জানান।সাংবাদিক কনি আনসালদির তৈরি একটি গ্রাফিক পোস্ট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন এই নারী উদ্যোক্তা। তার পথ অনুসরণ করে অ্যাঞ্জেল দি মারিয়ার স্ত্রী জোর্হেলিনা কার্দোসোও একই বার্তা প্রকাশ করে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।
ওই বার্তায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আর্জেন্টিনা একটি পরিবারের মতো যেখানে ঘরের ভেতরে নানা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাইরে থেকে কেউ আক্রমণ করতে এলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। মূলত দেশটির বিরুদ্ধে চলা ভুয়া খবর ও নেতিবাচক প্রচারণার মুখ বন্ধ করতেই এই অবস্থান নেওয়া হয়েছে।
এর আগে দলের পরাজয়ের পর মেসির উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন আন্তোনেলা। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে পরাজয় যাই হোক না কেন, পরিশ্রম ও ত্যাগের মধ্য দিয়ে মেসিই সবার কাছে চিরদিনের সেরা।সমালোচকদের বিরুদ্ধে তারকাদের এই ঐক্যবদ্ধ অবস্থান ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন