জুলাই ২১, ২০২৬, ১০:২০ এএম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হারের পর নতুন করে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। মেগা ফাইনালের আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে দেওয়া তার একটি অনুপ্রেরণামূলক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মাঠে নামার আগে অধিনায়কের বলা ‘সবকিছু ভুলে যাই, শুধু খেলি’ কথাটি ঘিরেই এখন চলছে তুমুল জল্পনা।
ভিডিওতে দেখা যায়, দলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলছেন সব ভুলে কেবল খেলার দিকে মনোযোগ দিতে। বড় কোনো ম্যাচের আগে অধিনায়কের মুখে এমন উৎসাহব্যঞ্জক কথা খুবই স্বাভাবিক। কিন্তু ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের কারণে এই বার্তার বিশেষ অর্থ খুঁজছেন ফুটবলপ্রেমীরা। স্পেনের পক্ষ থেকে এর আগে সরাসরি অভিযোগ তোলা হয়েছিল যে, আগের কয়েকটি ম্যাচে আর্জেন্টিনা রেফারিংয়ে বাড়তি সুবিধা পেয়েছে।
এই বিতর্ক আরও উসকে দিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। ম্যাচের আগে তিনি প্রকাশ্যে বলেছিলেন, শেষ কয়েকটি ম্যাচে রেফারিরা এমন কিছু পরিস্থিতি উপেক্ষা করেছেন যা তাদের চরম অবাক করেছে।
শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ শিরোপার স্বপ্ন ভাঙে আর্জেন্টিনার। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় লিওনেল মেসিকে। তবে পরাজয়ের সেই তীব্র হতাশার মধ্যেও সতীর্থদের প্রতি তার ওই আবেগঘন ও শান্ত থাকার আহ্বানটি এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন