বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‘গোল্ডেন বল’ বিতর্কে মেসি-রদ্রি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ১০:২০ পিএম

‘গোল্ডেন বল’ বিতর্কে মেসি-রদ্রি

ছবি - সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড় বা গোল্ডেন বলের পুরস্কার জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। কিন্তু এই পুরস্কার ঘোষণার পর থেকেই ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পুরো টুর্নামেন্টে একটিও গোল বা অ্যাসিস্ট না করেও রদ্রির এই অর্জনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ক্রীড়া অঙ্গনে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

পরিসংখ্যান নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে এই পুরস্কারের দাবিদার হিসেবে অনেকের মুখেই ছিল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নাম। উনচল্লিশ বছর বয়সি মেসি আটটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এবং আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন। 

অন্যদিকে ফিফার কারিগরি বিশ্লেষণে জানানো হয়েছে, স্পেনের খেলার ছন্দ নিয়ন্ত্রণ, রক্ষণ ও আক্রমণের সংযোগ এবং বল বণ্টনে রদ্রির ভূমিকা ছিল অনন্য। তার নিখুঁত পাসিং ও মাঝমাঠে আধিপত্যের কারণেই স্পেন মাত্র একটি গোল হজম করে ফাইনালে পৌঁছেছিল।পুরস্কার পাওয়ার পর সতীর্থ রদ্রির পক্ষ নিয়ে ডিফেন্ডার মার্ক কুকুরেয়া জানিয়েছেন, সবকিছু কেবল গোল বা অ্যাসিস্ট দিয়ে মাপা যায় না। 

মাঠের খেলায় দলের জয়ে মূল ভিত্তি তৈরি করেছিলেন রদ্রিই। তবে ভক্ত-সমর্থকদের একটি বড় অংশের মতে, আক্রমণভাগে মেসির গোল করার মুনিয়ানা ও জাদুতেই টুর্নামেন্টের মূল আকর্ষণ তৈরি হয়েছিল। সব মিলিয়ে বিশ্বকাপ শেষ হলেও গোল্ডেন বলের প্রকৃত প্রাপক কে ছিলেন, তা নিয়ে বিতর্ক সহসা থামার নয়।