আগস্ট ৯, ২০২৬, ১০:৩৪ এএম
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে স্তব্ধ আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রওনা হয়ে ইতোমধ্যে নিজ শহর আর্জেন্টিনার রোজারিওতে এসে পৌঁছেছেন এই বিশ্বতারকা। তার এই আকস্মিক ও বেদনাদায়ক প্রস্থানে গোটা ফুটবল বিশ্বে শোকের আবহ নেমে এসেছে।৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি।
পিতার অসুস্থতার খবর পেয়ে এর আগেই কিছুটা সময় কাটাতে দেশে ফিরেছিলেন মেসি, তবে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে হয়েছিল। মৃত্যুর সংবাদ পাওয়ার পর ইন্টার মায়ামি ক্লাব কর্তৃপক্ষ তাকে অবিলম্বে পরিবারের পাশে থাকার সম্পূর্ণ সুযোগ করে দেয়। দীর্ঘ ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোরের দিকে তিনি রোজারিওতে নিজ বাসভবনে পৌঁছান, যেখানে অত্যন্ত সীমিত পরিসরে প্রিয়জনের উপস্থিতিতে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মেসির অনুপস্থিতিতে ইন্টার মায়ামি দল লিগস কাপের ম্যাচে মনতেরের মুখোমুখি হলেও মাঠে নামা হয়নি তার। প্রিয় অধিনায়কের অনুপস্থিতি এবং তার বাবার প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচের শুরুতে দুই দলের খেলোয়াড় ও দর্শকেরা এক মিনিট নীরবতা পালন করেন। খেলার ত্রিশ মিনিট পর গোল করে রদ্রিগো ডি পল মেসির ১০ নম্বর জার্সি উঁচু ধরে তার ও তার শোকাহত পরিবারের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানান, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে নাড়া দেয়।
তবে মাঠের লড়াইয়ে মায়ামি শেষ পর্যন্ত জয় ধরে রাখতে না পেরে পরাজিত হলেও পুরো ম্যাচ জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই শোকের পরিবেশ।কবে নাগাদ মেসি পুনরায় ক্লাব ফুটবলে প্রত্যাবর্তন করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়নি মায়ামি কতৃপক্ষ। বর্তমানে পুরো মনোযোগ পরিবারের সান্নিধ্য ও শোক সামলানোর ওপরই দিচ্ছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন