অক্টোবর ৩১, ২০২৫, ১১:১০ পিএম
ইতালিয়ান সেরি আ-তে ধুঁকতে থাকা জায়ান্ট ক্লাব জুভেন্টাস অবশেষে তাদের নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তিকে নিয়োগ দিয়েছে। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে গত কয়েকদিন ধরেই এই খবরটি ছড়িয়ে পড়েছিল, অবশেষে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করল।
চলতি মৌসুমে এটি জুভেন্টাসের তৃতীয় কোচ নিয়োগ। গত বছর (২০২৪) দায়িত্ব পাওয়া থিয়াগো মোত্তাকে এই বছরের মার্চ মাসে সরিয়ে দেওয়া হয়েছিল। তার স্থলাভিষিক্ত হন ইগর টুডার। ১৮ বছরের মধ্যে জুভেন্টাসের প্রথম বিদেশি কোচ ছিলেন এই ক্রোয়াট। তবে তিনিও ক্লাবের ভাগ্য ফেরাতে পারেননি। টানা আট ম্যাচ জয়বিহীন থাকার পর গত সোমবার (২৭ অক্টোবর) তাকে বরখাস্ত করা হয়। সেই শূন্যস্থান পূরণের জন্যই এবার ইতালির অভিজ্ঞ এই কোচের শরণাপন্ন হলো তুরিনের ক্লাবটি।
তবে নতুন এই নিয়োগে সবচেয়ে কৌতূহল জাগানিয়া বিষয় হলো স্পালেত্তির চুক্তির মেয়াদ। জুভেন্টাস তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, ৬৬ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তি হয়েছে মাত্র আগামী জুন (২০২৬) মাস পর্যন্ত। অর্থাৎ, এটি একটি স্বল্পমেয়াদী চুক্তি।
৩২ বছরের দীর্ঘ কোচিং অভিজ্ঞতায় সমৃদ্ধ স্পালেত্তি সবশেষ ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন। তবে বিশ্বকাপ বাছাইপর্বে দলের টানা ব্যর্থতার পর গত জুনে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন চ্যালেঞ্জ গ্রহণে অবশ্য তাকে খুব বেশিদিন অপেক্ষা করতে হলো না।
খেলোয়াড়ি জীবনে বড় কোনো ক্লাবে খেলতে না পারলেও কোচ হিসেবে স্পালেত্তির সাফল্য ঈর্ষণীয়। ১৯৯৩ সালে মাত্র ৩৪ বছর বয়সে এম্পোলির হয়ে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় এবং তার অধীনেই ক্লাবটি তৃতীয় স্তর থেকে সেরি আ-তে প্রমোশন পায়। এরপর তিনি সাম্পদরিয়া, উদিনেজে, ইন্টার মিলান এবং দুই দফায় রোমার মতো বড় ক্লাবের কোচিং করিয়েছেন। তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে নাপোলির হয়ে, যখন তার অধীনেই ২০২২-২৩ মৌসুমে দীর্ঘ ৩৩ বছর পর সেরি আ শিরোপা জেতে নাপোলি।
২০২০ সালের পর থেকে জুভেন্টাস আর সেরি আ শিরোপা জিততে পারেনি। চলতি মৌসুমেও তাদের অবস্থা ভালো নয়। লিগে ৯ ম্যাচ শেষে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে টেবিলের সপ্তম স্থানে রয়েছে। স্পালেত্তির কাঁধে এখন এই অভিজ্ঞতার ভাণ্ডার নিয়েই জুভেন্টাসকে জয়ের ধারায় ফেরানোর কঠিন দায়িত্ব।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন