অক্টোবর ৪, ২০২৬, ১০:০০ এএম
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ অথবা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে।
অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে পুরো মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আভাস দেওয়া হয়েছে। মাসজুড়ে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নির্দিষ্ট স্থানে নদ-নদীর পানি সমতল সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে। পাশাপাশি চলতি মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন দুই দশমিক শূন্য থেকে চার দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল চার দশমিক শূন্য থেকে ছয় দশমিক শূন্য ঘণ্টা বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন