এপ্রিল ৭, ২০২৬, ১০:৫৬ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম সফল করার লক্ষে বোদা পৌর কৃষক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে উপজেলার পাঁচপীর ইউনিয়নে এই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
সারা দেশের মতো বোদাতেও এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এই সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।
গত ৫ এপ্রিল রোববার রাতে বোদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তিতোপাড়া এলাকায় এই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি তহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়। বক্তারা কৃষকদের অধিকার আদায়ে এই কার্ডের গুরুত্ব এবং এর বিতরণ প্রক্রিয়া স্বচ্ছ করার ওপর জোর দেন।প্রস্তুতিমূলক এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর শাহজাহান সিরাজ। এছাড়াও বোদা পৌর বিএনপি, কৃষক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের কর্মী-সমর্থকরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আসন্ন কর্মসূচি সফল করার ক্ষেত্রে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।সভায় বক্তারা বলেন, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের শুভ দিনে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে কৃষক কার্ড বিতরণের যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তা সফল করা প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব।
কৃষকদের উন্নয়নে এই পদক্ষেপ তৃণমূল পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে। সভা শেষে কার্ড বিতরণ কার্যক্রমের প্রচার ও শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পহেলা বৈশাখের এই অনুষ্ঠানটি পঞ্চগড় জেলায় একটি সফল মাইলফলক হিসেবে পরিচিতি পাবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন