এপ্রিল ৯, ২০২৬, ০৭:৪১ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নির্ধারিত সময়ের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দেন ভোটাররা। বর্তমানে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার গণনার কাজ চলছে। জেলা নির্বাচন কার্যালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই উপনির্বাচনে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জেলা বিএনপির সভাপতি প্রার্থী রেজাউল করিম বাদশা। তার বিপরীতে জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে ভোট চলাকালীন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তোলেন। তার দাবি, রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েও কোনো কার্যকর সুরাহা মেলেনি।
বগুড়া জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্যের পাশাপাশি প্রায় ২ হাজার আনসার সদস্য মোতায়েন ছিল। এ ছাড়াও বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর বিশেষ টহল দল পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছে।
বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি। নির্বাচনী এলাকাটিতে মোট ১৫০টি কেন্দ্রে ৮৩৫টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এখন দ্রুততম সময়ে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে।
ঐতিহাসিকভাবে এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটিকে শূন্য ঘোষণা করে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যেই আজ বৃহস্পতিবার এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হলো। সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ২১টি ওয়ার্ডের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন প্রতিনিধি বেছে নিচ্ছেন। এখন সবার দৃষ্টি জেলা নির্বাচন কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলের দিকে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন