এপ্রিল ৫, ২০২৬, ০৩:৪২ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২ এপ্রিল থেকে তারা নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন শুরু করেছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় অবস্থান করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।গত শুক্রবার থেকে তারা পুরোদমে সক্রিয়ভাবে টহল ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে।
বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন। নির্বাচনি এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এ প্রসঙ্গে জানান, নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণের আগের কয়েকদিন, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে বিজিবি সদস্যরা তিন পর্যায়ে ভাগ হয়ে টহল দেবেন। পাশাপাশি নির্বাচনি অপরাধ দমনে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ অন্যান্য নিরাপত্তা বলয়ও তৈরি করা হয়েছে।উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে এটি শূন্য ঘোষণা করা হয়।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।
এই উপনির্বাচনে বর্তমানে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
বগুড়া-৬ আসনে এবার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বিজিবির উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন