এপ্রিল ৯, ২০২৬, ০৩:৩১ পিএম
বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় এই দুই আসনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।
সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ এবং এর গুণগত মান নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি। ডা. শফিকুর রহমান তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, দলীয় সরকারের অধীনে এই দুটি নির্বাচনের মাধ্যমে একটি ‘বিভৎস রূপ’ ইতিমধ্যেই জাতির সামনে ফুটে উঠেছে।
বিরোধীদলীয় নেতার মতে, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। তিনি মনে করেন, যারা জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে সংসদে আসবেন, তারা দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারবেন না।
জনগণের রায়ের প্রতি যাদের বিন্দুমাত্র আস্থা আছে, তারা কখনো গায়ের জোর খাটিয়ে ক্ষমতায় যেতে চায় না বলে তিনি মন্তব্য করেন। তার এই ফেসবুক স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমান নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে তার এই অভিযোগ নির্বাচন সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে।অন্যদিকে, জামায়াত আমিরের এমন সমালোচনার মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন যে, দুই আসনেই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এই ভোট গ্রহণ পরিচালনা করছে। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। সিইসি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে ভালো এবং গ্রহণযোগ্য হবে। ভোটকেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, র্যাব ও আনসারসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ বা গোলযোগ যাতে না ঘটে, সে লক্ষ্যে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে বলে ইসি নিশ্চিত করেছে। বিরোধীদলীয় নেতার অভিযোগের বিপরীতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরপেক্ষতা বজায় রাখা হচ্ছে।
তবে ভোটের দিন দুপুর পর্যন্ত ডা. শফিকুর রহমানের এমন বিরূপ মন্তব্য এবং সিইসির আত্মবিশ্বাসী বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে এক ধরণের স্নায়ুযুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন