মে ২১, ২০২৬, ০২:৩৬ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে মুষলধারে বৃষ্টির মধ্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে এবং পেশায় তিনি একজন ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।
প্রাকৃতিক এই আকস্মিক দুর্যোগে এক যুবকের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে চিলমারী ও এর আশপাশের অঞ্চলে হঠাৎ করে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।
বৃষ্টি চলাকালেই রফিকুল তার বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে ছুটে যান। সেখানে মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণ পর বৃষ্টির বেগ কিছুটা কমে এলে স্থানীয় বাসিন্দারা পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন।
খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আইনি প্রক্রিয়া শুরু করে।চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং বিষয়টি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন