সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৬:৫২ পিএম
চিরিরবন্দরে ধানখেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ময়নুল ইসলাম নামের ৩৩ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেজংপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর মৌজার মন্ডল পাড়া গ্রামের মন্তাজ ইসলামের ছেলে ময়নুল ইসলাম দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির অদূরে নিজস্ব ধানখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে তীব্র বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাঘাতে তিনি জমিতেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর প্রাণহানি ঘটে।
এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় স্থানীয় মন্ডল পাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি জানান, দুপুরে বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হয়ে ময়নুল ইসলাম তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন। বিষয়টি স্থানীয় গ্রামবাসী ও ইউপি সদস্যরা প্রশাসনকে অবগত করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুন নবী বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন