রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০২:০০ পিএম

দিনাজপুরে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতে মো. হেলাল নামের এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের বিরল গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।নিহত হেলালের বয়স ২৮ বছর এবং তিনি মো. খাদিমুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ জমিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের সেচের পানি দেওয়ার কাজ শেষ করেছিলেন তিনি। কাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন এই কৃষি শ্রমিক। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবরে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। দুপুরের দিকে খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।