বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৯:২৩ পিএম

কালবৈশাখীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া ঘাট

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী শুরু হলে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি সব ধরনের ফেরি চলাচল স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

এর ফলে ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।ঝড়ে মাঝনদীতে যানবাহন ও যাত্রীসহ অন্তত তিনটি ফেরি আটকা পড়েছে। ঘাট এলাকায় ঢাকামুখী ও দক্ষিণবঙ্গগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

পশুবাহী ট্রাক ও সাধারণ বাসের যাত্রীরা তীব্র বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বিপাকে পড়েছেন। নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি।যাত্রীদের নিরাপত্তা ও খাবার-পানির তেমন ব্যবস্থা নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই ফেরি চলাচল শুরু হবে। আটকে থাকা যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। গোয়ালন্দ ইউএনও সাথী দাস জানিয়েছেন, ঘাট এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে।