বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ছয় শিশুর মৃত্যুর কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০১:৫৩ পিএম

ছয় শিশুর মৃত্যুর কারণ জানাল আদ-দ্বীন হাসপাতাল

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন জানান, পোস্ট ডেলিভারি ওয়ার্ডে থাকা শিশুরা অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়েছিল। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়।মৃত শিশুদের বয়স ছিল মাত্র এক থেকে দুই দিন।কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, রাত তিনটার পর দুটি শিশু অসুস্থ বোধ করলে তাদের আইসিইউতে নেওয়া হয় এবং প্রাথমিক পরীক্ষা শেষে আবার ওয়ার্ডে ফেরত পাঠানো হয়। 

কিন্তু ভোর ছয়টার পর দায়িত্বরত নার্স ও মায়েরা দেখতে পান যে শিশুদের অবস্থা আবারও খারাপ হচ্ছে। এরপর ছয় নবজাতককে দ্রুত আইসিইউতে নেওয়া হলে দুই শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বাকি চারজন ভেন্টিলেটর সাপোর্টে মারা যায়। 

তবে স্বজনদের অভিযোগ, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছিলেন না এবং বাচ্চারা সারারাত কান্না ও বমি করলেও কোনো দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি।হাসপাতালজুড়ে এখন স্বজনদের কান্না ও আহাজারি চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে পুলিশ ঘটনাস্থলে থেকে পুরো বিষয়টি তদন্ত করছে। এসি গ্যাস লিকেজের যে প্রাথমিক অভিযোগ উঠেছিল, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কিছু জানায়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখতে প্রশাসনের উচ্চপর্যায়ের তদারকি অব্যাহত রয়েছে।