জুন ১৬, ২০২৬, ০২:৫৪ পিএম
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলো সচল রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। সেখানে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ছয় শিশুর মৃত্যুর দায়ে হাসপাতালটির বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।মন্ত্রী স্পষ্ট করে বলেন, কেবল প্যাথলজি বিভাগের নয়, বরং মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের মূল লাইসেন্স সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে এই হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে তা নিয়ম অনুযায়ী চালু রাখতে আইনি কোনো বাধা থাকবে না।
ওই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে এবং এই গুরুতর অপরাধের শাস্তি হিসেবেই নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়েছে।কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই বলে তীব্র হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।
একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা খাতে রোগীদের সেবার মান আশানুরূপ বৃদ্ধি না হওয়ায় তিনি গভীর ক্ষোভ প্রকাশ করেন। তবে দেশের ডাক্তার ও নার্সদের যৌথ সহযোগিতায় হামের বিরুদ্ধে একটি অত্যন্ত শক্ত দেয়াল তৈরি করতে বর্তমান সরকার পুরোপুরি সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন