মে ২৭, ২০২৬, ০২:৫৫ পিএম
আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৭টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত স্থানান্তর করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে যে বায়তুল মোকাররমে এবারও পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে।প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়ে সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
ঢাকার বাইরে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ঐতিহ্যবাহী আয়োজন থাকছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে, সকাল ৯টায়। অন্যদিকে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে প্রায় ২২ একর আয়তনের বিশাল মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
আয়োজকদের দাবি, এই মাঠে একসঙ্গে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সালাত আদায়ের সক্ষমতা রয়েছে।চট্টগ্রামের প্রধান জামাত সকাল ৭টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে হবে।রাজশাহী মহানগরীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনায় প্রধান জামাত সকাল ৭টায় সার্কিট হাউজ ময়দানে এবং বরিশালে সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিরা সমবেত হবেন।
সিলেটে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে প্রধান জামাত হবে সকাল ৮টায় এবং রংপুরে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে মূল নামাজ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে সকাল সাড়ে ৭টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রথম জামাতের আয়োজন করা হয়েছে।সারাদেশের সব মাঠ ও মসজিদে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন