বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১২ জেলায় ঈদুল আজহা উদ্‌যাপন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৩:০৮ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১২ জেলায় ঈদুল আজহা উদ্‌যাপন

গ্রামীণ একটি জামাত।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে দেশের অন্তত ১২টি জেলার বিভিন্ন গ্রামে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, ফরিদপুর, ঝিনাইদহ, বরগুনা, সাতক্ষীরা, রাজশাহী, ঝালকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় একদিন আগেই ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করা হয়। 

বিভিন্ন দরবার শরীফ, কাদেরিয়া তরিকা ও মধ্যপ্রাচ্যের চাঁদ দেখার অনুসারীরা বহু বছর ধরে এই প্রথা মেনে চলছেন।কোথাও কোথাও বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়ার অর্ধশতাধিক গ্রামে সকাল ৮টা থেকে ঐতিহ্যবাহী সাদ্রা দরবার শরীফকে কেন্দ্র করে ঈদের সালাত আদায় করা হয়। লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরের ১১টি গ্রাম এবং ফরিদপুরের বোয়ালমারীর ১০টি গ্রামে শত শত পরিবার এই উৎসবে শামিল হন।

 ঝিনাইদহের হরিণাকুণ্ডুর চটকাবাড়িয়াসহ তিনটি গ্রামে এবং বরগুনার ১৬টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা নামাজ শেষে কোরবানি সম্পন্ন করেন। সাতক্ষীরার ২০টি গ্রাম এবং পটুয়াখালীর বদরপুর দরবার শরীফের অধীনে ৩৫টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ একদিন আগেই ঈদ পালন করেছেন।ঝালকাঠির রাজাপুর ও ভোলার ১০টি গ্রামেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও আজ ঈদ উদযাপিত হলেও সেখানে উৎসবের আমেজ অনেকটাই ম্লান ছিল। বিশ্বব্যাপী খাদ্য সহায়তা কমে যাওয়ায় ক্যাম্পের অধিকাংশ পরিবার এবার কোরবানি দিতে পারেনি। স্থানীয় ইমাম ও খতিবরা খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও ত্যাগের মহিমা তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।