মে ৩১, ২০২৬, ১২:২৯ পিএম
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন নবজাতক শিশুদের মৃত্যুর ঘটনার পর বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের তদন্ত ও পরিদর্শনের মধ্যে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রোববার সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ওই দিনের পরিস্থিতির একটি বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে।কর্তৃপক্ষ জানায় উদ্ভূত পরিস্থিতির কারণে হাসপাতালে কর্মরত সেবাদানকারী কর্মীরা চরম মানসিক চাপের মধ্যে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতক শিশুর একটি দুর্ঘটনাজনিত মৃত্যু ঘটে। ওই দুঃখজনক ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ ও র্যাবসহ বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ হাসপাতালটি পরিদর্শন করে এবং সরকারের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।
বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের হাসপাতালে ধারাবাহিক আসা-যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতির কারণে সেখানে এক জটিল পরিবেশের সৃষ্টি হয়। এতে হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগী এবং বিভিন্ন চিকিৎসাসেবা নিতে আসা ব্যক্তিরাও উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হন।এমনই এক পরিস্থিতিতে গতকাল শনিবার স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শনে যান।তাঁদের হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় কর্তৃপক্ষ তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে।
এক পর্যায়ে হাসপাতালের কর্মীদের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনের সময় একজন সংবাদকর্মী হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্য করে অসম্মানজনক সম্বোধন করলে তারা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন। পরে তারা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগ করার অনুরোধ জানান। অবশ্য এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাধারণ কর্মীদের নিবৃত্ত করার সর্বোচ্চ চেষ্টা করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন