জুন ৩০, ২০২৬, ০২:৫৬ পিএম
মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে ‘রান এগেইন্সট ড্রাগস’ শীর্ষক একটি বর্ণাঢ্য ম্যারাথন প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ঠিক ছয়টায় নগরীর গুলজার মোড় এলাকা থেকে এই সচেতনতামূলক ম্যারাথনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এরপর দৌড়বিদ ও সংগঠনের কর্মীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরি মুক্তমঞ্চ প্রাঙ্গণে গিয়ে সমবেত হন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এই ব্যতিক্রমী ক্রীড়া কর্মসূচির মূল উদ্যোক্তা।সমাপনী অনুষ্ঠানটি কাজীর দেউরি মুক্তমঞ্চে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হকের সভাপতিত্ব ও সুশৃঙ্খল সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি প্রতিযোগীদের দিকনির্দেশনা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের বা চাকসুর সাবেক ভিপি এবং চবি শাখার সভাপতি ইব্রাহিম রনি। তিনি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থেকে সুস্থ ক্রীড়া ও সমাজ গঠনে মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুস্থানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের সম্পাদক আ ন ম জোবাইর। একই সাথে সামাজিক এই উদ্যোগে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক খুররম মুরাদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। যুব সমাজকে মাদকমুক্ত করার এই আন্দোলন আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে অতিথিরা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন