জুলাই ১২, ২০২৬, ০২:৪৫ পিএম
স্বাস্থ্য খাত সংস্কার কার্যক্রমে যুব নারী ও প্রতিবন্ধী তরুণ-তরুণীদের অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রংপুরে একটি আলোচনা ও অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার আরএইচস্টেপের অপরাজেয় তারুণ্য প্রকল্পের উদ্যোগে প্রতিষ্ঠানটির রংপুর শাখার সেমিনার কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।কর্মসূচিতে যুব নারী, প্রতিবন্ধী তরুণ-তরুণী ও সংশ্লিষ্ট অংশীজন অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক দীপিকা বিশ্বাস। তিনি বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কেবল অবকাঠামোগত উন্নয়নের বিষয় নয়; নীতিনির্ধারণ, পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তরুণ নারী ও প্রতিবন্ধী তরুণদের মতামতকে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবা আরও সমতাভিত্তিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি রংপুর প্রতিবন্ধী অ্যাসোসিয়েশনের পরিচালক আহসান হাবীব বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার মৌলিক অধিকার। কিন্তু অবকাঠামো, তথ্যপ্রাপ্তি, যোগাযোগব্যবস্থা ও সেবাদান প্রক্রিয়ায় এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে। স্বাস্থ্য খাত সংস্কারের প্রতিটি উদ্যোগে প্রতিবন্ধী তরুণদের অংশীদার হিসেবে সম্পৃক্ত করার ওপর তিনি জোর দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাত সংস্কারের সুযোগ, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন। আয়োজকেরা জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হলো যুব নারী ও প্রতিবন্ধী তরুণদের নেতৃত্বের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানো, যাতে তারা অধিকারভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যব্যবস্থা গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।অনুষ্ঠানে উপস্থাপনা, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণ ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্য খাতে যুব নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন