বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতার আহ্বান

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ১৪, ২০২৫, ০৪:০৯ পিএম

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, সচেতনতার আহ্বান

ছবি-দিনাজপুর টিভি

কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার ‘ডায়াবেটিস ফুড এন্ড কেয়ার সেন্টার’-এ বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসটির কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. ডিসি রায়।

অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কর্মস্থলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক যুথিকা রায়, বিশিষ্ট ব্যক্তিত্ব দীনেশচন্দ্র রায়, সন্ধ্যা রানী রায়, শাশ্বত স্পন্দন রায় এবং সায়েন্টিস্ট ডা. পংকজ কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মোহাম্মদ দলিলুর রহমান।

বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে কর্মজীবী মানুষের মধ্যে কায়িক পরিশ্রমের অভাবে এই রোগের প্রকোপ বাড়ছে। তাই কর্মস্থলে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মমাফিক জীবনযাপনই পারে এই রোগ নিয়ন্ত্রণে রাখতে। বীরগঞ্জ এলাকায় ডায়াবেটিস সেবায় এই সেন্টারের উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।