বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মা ও শিশুর পুষ্টিমান উন্নয়নে সচেতনতার আহ্বান জানালেন সিভিল সার্জন

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৯, ২০২৫, ০২:৪৬ পিএম

মা ও শিশুর পুষ্টিমান উন্নয়নে সচেতনতার আহ্বান জানালেন সিভিল সার্জন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বলেছেন, "একমাত্র মা-ই পারে একজন সুস্থ নাগরিক উপহার দিতে। সেজন্য মায়েদের উন্নত স্বাস্থ্যসেবা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। সঠিক পুষ্টিমান উন্নয়নে মা ও শিশুর সুরক্ষায় এবং স্বাস্থ্যসেবায় আমাদের সচেতন হতে হবে।"

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর সিদ্ধান্তে সন্তান নিতে হবে এবং এ ব্যাপারে পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে "মা ও শিশুর সু-স্বাস্থ্য ও সঠিক পুষ্টিমান উন্নয়ন কার্যক্রমে জনগণকে সচেতন এবং অংশগ্রহণ"-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিমান উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রাজশাহী থেকে আগত টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ) হান্না হোড় সিমু।স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও ও ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু।

দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় সরকার, ইউএনডিসি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের সাথে সম্পৃক্ত বিষয়ে মায়েদের সচেতন করা হয়।