রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২২, ২০২৬, ০৪:২৪ পিএম

দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে উপকরণ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে ২৩ জন প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দীপশিখা’। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

লিলিয়ান ফন্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস উইথ ডিজঅ্যাবিলিটিস” প্রকল্পের অধীনে এই কর্মসূচি পালিত হয়।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ২৩ জন সুবিধাভোগীর মাঝে হুইল চেয়ার, ওয়াকিং ফ্রেম, স্ট্যান্ডিং ফ্রেম, কর্নার ফ্রেম ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস প্রতিবন্ধিতার কারণ ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের যেকোনো স্বাস্থ্য সমস্যার জন্য স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সেবা গ্রহণের পরামর্শ দেন। তিনি আরও বলেন, দীপশিখার এমন মানবিক কার্যক্রম গ্রামীণ উন্নয়নে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান সহজ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে দিনাজপুর সদর, কাহারোল ও বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দীপশিখার কার্যক্রম তুলে ধরেন এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ এবং পুরো আয়োজনটি সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।