বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই,চারজনকে গ্রেফতার করলো পুলিশ

ফাহিম হোসেন রিজু

নভেম্বর ২৫, ২০২৫, ১০:১৩ এএম

যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই,চারজনকে গ্রেফতার করলো পুলিশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে অটো (মিশুক) ছিনতাইয়ের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশের দ্রুত অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার নূরজাহানপুর গ্রামের মো. জাহাঙ্গীর (৫৮) রানীগঞ্জ বাজারের রহমানিয়া হোটেলের সামনে অটো নিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় যাত্রী সেজে থাকা ৩–৪ জন ব্যক্তি ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার কথা বলে তার অটো ভাড়া নেয়।

রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নূরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে পৌঁছালে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি চালকের মুখ চেপে ধরে তাকে গাড়ি থেকে টেনে ফেলে দেয়।

পরে কয়েকজন মিলে তাকে নির্মমভাবে মারধর করে গুরুতর জখম করে। ছিনতাইকারীরা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটো মিশুকটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।অভিযান ও গ্রেপ্তার: ঘটনার পর ৩৯৪ পেনাল কোডে মামলা রুজু হলে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর নির্দেশনায় এবং হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নীয়ামতুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়।

ঘোড়াঘাট থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এসআই সাব্বির আলম, এসআই মনিরুজ্জামানসহ পুলিশের এই বিশেষ টিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী ও সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা আল আমিন (২৫), নয়ন মন্ডল (২৫), খাজা মিয়া (২৬) এবং রফিকুল ইসলাম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের দখল থেকে ছিনতাই হওয়া অটো মিশুকটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”