ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৫২ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পল্লীর এক পরিবারে যমজ দুই বোনের অসামান্য সফলতায় মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ ও গর্বে ভাসছে তাদের পরিবারসহ এলাকাবাসী। অনেকে বলছেন, "এক পরিবারে যেন দুটি ফুল ফুটেছে—মাখনুন আখতার ও মুসফিকা নাসনিন।
বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা মো. মশিউর রহমান মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এবং নাজমুন নাহার তার স্ত্রী।
তিন কন্যা সন্তানের জনক-জননী মশিউর রহমানের চেষ্টার কোনো কমতি ছিল না তার কন্যাদের শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে।যমজ দুই বোনের সাফল্যে তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা আজ সার্থকতা পেয়েছে।
মোসা. মাখনুন আখতার ৬৯০তম মেধাক্রম অর্জন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মোসা. মুসফিকা নাসনিন ১২৩১তম মেধাক্রম অর্জন করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাখনুন ও মুসফিকা তাদের বড় বোনের সাথেই দিনাজপুর সরকারি কলেজে সফলতার সাথে এইচএসসি পাস করে মেডিক্যাল ভর্তির পরীক্ষায় অংশ নেন। আজ তাদের এই সফলতা মা-বাবাসহ এলাকার মানুষকে আলোকিত করেছে।
মাতার আবেগঘন প্রতিক্রিয়া:যমজ কন্যাদের এই কৃতিত্বে তাদের মা নাজমুন নাহার আবেগাপ্লুত হয়ে বলেন, "তিন কন্যা সন্তান নিয়ে কখনও দুশ্চিন্তা করিনি। যেভাবেই হোক তাদের লেখাপড়া চালিয়ে গিয়েছি। আজ আমার যমজ দুই কন্যা সন্তান মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করবেন।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন