ফাহিম হোসেন রিজু
ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৩য় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কুয়াতপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে পার্বতীপুর স্পোর্টিং ক্লাব।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কুলানন্দপুর মধ্যপাড়া বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্থানীয় ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল দুর্দান্ত আক্রমণ ও প্রতিরোধ গড়ে তুললেও শেষ হাসি হাসে পার্বতীপুর স্পোর্টিং ক্লাব।
বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. এম. তাসদিদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মেজবাউল আলম জুয়েল সরকার এবং স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফি হাসান সোহান।খেলা শেষে প্রধান অতিথিরা চ্যাম্পিয়ন দল পার্বতীপুর স্পোর্টিং ক্লাবের হাতে একটি বড় খাসি এবং রানার্সআপ কুয়াতপুর দলের হাতে একটি ছোট খাসি তুলে দেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে মাঠমুখী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরণের ক্রীড়া উৎসব অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা। গ্রামের কয়েক হাজার দর্শক কনকনে শীত উপেক্ষা করে এই বর্ণাঢ্য ফাইনাল উপভোগ করেন।