শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আহত

ফাহিম হোসেন রিজু

জানুয়ারি ৪, ২০২৬, ০২:৩৫ পিএম

ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকের ধাক্কায় ৩ জন গুরুতর আহত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি মিনি ট্রাক রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়লে ৩ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি খালি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৩৪৪) কানাগাড়ী বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

ট্রাকটি প্রথমে রাস্তার ধারের একটি আমগাছে ধাক্কা দেয় এবং পরবর্তীতে সজোরে পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন পথচারী গুরুতর আহত হন।

 আহতরা হলেন—কানাগাড়ী (হরিপাড়া) আদর্শগ্রাম এলাকার জাকিরুল (৩৫), রাসেল (৩০) ও শাহারুল (৩০)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।