অলিউর রহমান মিরাজ
জানুয়ারি ৭, ২০২৬, ০৩:১৬ পিএম
দীর্ঘ ৩০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্থায়ী কমিটির সদস্য ও অভিজ্ঞ চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় উত্তরজনপদের এই চার উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্র জানায় গত তিন দশকে নানা রাজনৈতিক সমীকরণ ও জোটবদ্ধ নির্বাচনের কারণে এই আসনে ধানের শীষ প্রতীকের কোনো একক প্রার্থী ছিল না।
এতে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রমে এক ধরণের স্থবিরতা তৈরি হয়েছিল। তবে এবার একক প্রার্থী ঘোষণার পর থেকেই গ্রাম-গঞ্জের হাট-বাজারে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
তৃণমূল কর্মীরা মনে করছেন ডা. জাহিদের মতো হেভিওয়েট প্রার্থী পাওয়ায় দলের সাংগঠনিক শক্তি বহুগুণ বেড়ে গেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডা. জাহিদ হোসেন শুধু একজন ঝানু রাজনীতিবিদই নন বরং তিনি সাধারণ মানুষের কাছে একজন মানবিক চিকিৎসক হিসেবেও সমাদৃত। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
চিকিৎসা সেবার মাধ্যমে তিনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে এই আসনে শক্তিশালী অবস্থানে রেখেছে।
দীর্ঘদিন পর ধানের শীষের প্রার্থী সরাসরি মাঠে নামায় এ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরণের পরিবর্তন আসতে পারে। দিনাজপুর-৬ আসনে বিএনপির যে বিশাল ভোটব্যাংক রয়েছে ডা. জাহিদের প্রার্থিতা তা পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। সাধারণ মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা নিয়ে নেতাকর্মীরা এখনই নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।