ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১০:১৫ এএম
দিনাজপুর-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়— মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বিএনপির এই প্রভাবশালী নেতা।
দিনাজপুর-৬ আসনের ইতিহাসে এই প্রথম কেউ সরাসরি মন্ত্রিসভার সদস্য হওয়ার গৌরব অর্জন করলেন।অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ ও বৈচিত্র্যময়।
বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত এই নেতা ২০১০ সালে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন। এরপর ২০১৬ সালে দলীয় কাউন্সিলের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।
তার সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি একনিষ্ঠতার স্বীকৃতি স্বরূপ এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হন। নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, তিনি ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। প্রায় ১৪ হাজার ৪১৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি এই জনপদের মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে যান এবং বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পেলেন।
ডা. জাহিদ হোসেনের মন্ত্রী হওয়ার খবরে দিনাজপুর-৬ আসনের সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অবহেলিত এই অঞ্চলের সড়ক যোগাযোগ, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা রাখবেন— এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিশেষ করে সমাজকল্যাণ এবং নারী ও শিশু অধিকার বাস্তবায়নে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে দেশব্যাপী দৃশ্যমান অবদান রাখবেন বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন