রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নবাবগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

অলিউর রহমান মিরাজ 

জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:১৮ পিএম

নবাবগঞ্জে ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জিল্লুর রহমান

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শুরু করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শিশিরসহ উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় ইউএনও মো. জিল্লুর রহমান প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, কক্ষ বিন্যাস, ভোটগ্রহণের পরিবেশ, নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের স্থান এবং ভোটারদের যাতায়াতের জন্য প্রবেশপথের সুবিধাসমূহ গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের উদ্দেশ্য সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, “সামনে নির্বাচন। আমাদের লক্ষ্য হলো যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটাররা কোনো বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেন্দ্রভিত্তিক যে সকল ছোটখাটো সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার সকল ভোটকেন্দ্র ধারাবাহিকভাবে পরিদর্শনের মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তার এই তৎপরতায় স্থানীয় ভোটারদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।