বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে শুরু হচ্ছে ৭ম জেলা কাব ক্যাম্পুরী, অংশ নিচ্ছে ১৩ উপজেলার ৭৪ ইউনিট

মোঃ ফরহাদ হোসেন

জানুয়ারি ৯, ২০২৬, ১০:৩৪ পিএম

দিনাজপুরে শুরু হচ্ছে ৭ম জেলা কাব ক্যাম্পুরী, অংশ নিচ্ছে ১৩ উপজেলার ৭৪ ইউনিট

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘৭ম দিনাজপুর জেলা কাব ক্যাম্পুরী–২০২৬’। ‘আনন্দময় স্কাউটিং, সুন্দর জীবন’ এই লক্ষ্য নিয়ে আয়োজিত এবারের ক্যাম্পুরীতে জেলার ১৩টি উপজেলার ৭৪টি ইউনিটের প্রায় ৭০০ জন কাব স্কাউট, রোভার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টা থেকে কর্মকর্তাদের রেজিস্ট্রেশন ও দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিটের কাব স্কাউটদের আগমনে মুখরিত হবে বড় মাঠ।

পরদিন রবিবার (১১ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জেলা কাব লিডার ও প্রোগ্রাম চিফ মোহিদুল ইসলাম জানান, প্রতিটি ইউনিট থেকে ৬ জন কাব সদস্য ও ১ জন ইউনিট লিডার মিলিয়ে মোট ৫১৮ জন মূল অংশগ্রহণকারী থাকছেন। এছাড়া ৪০ জন স্বেচ্ছাসেবক ও ৮০ জন কর্মকর্তা সার্বিক দায়িত্ব পালন করবেন। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, আবাসন ও খাবারের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এদিকে, আজ শুক্রবার ক্যাম্পুরীর মাঠের প্রস্তুতিমূলক কাজ আকস্মিক পরিদর্শন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান।

 এনডিসি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। তারা মাঠের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।আয়োজকরা আশা প্রকাশ করছেন, এই ক্যাম্পুরীর মাধ্যমে খুদে স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে।