মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দেশের চাবি আপনার হাতে, পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম ও খতিবরা অংশ নেন।ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমলিকা পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মো. মাহমুদার রহমান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মো. মতিউর রহমান কাসেমী, সহকারী অধ্যাপক (আরবি) ড. আ. ফ. ম. আকমল হোসেন এবং গোর-এ-শহীদ বড় ময়দান জামে মসজিদের ইমাম মাওলানা মো. মাহফুজার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহমাদ।
বক্তারা বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য যে ভোট গ্রহণ করা হবে, তা যেন আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে। ‘হ্যাঁ’ ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, আর ‘না’ ভোট দিলে কিছুই পাওয়া যাবে না।ইমামদের উদ্দেশে বক্তারা আরও বলেন, “আপনারা সমাজের নেতা। তাই ১২ ফেব্রুয়ারি নিজে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে টিকচিহ্ন দিন এবং মুসল্লি ও সাধারণ মানুষকে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জানিয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করুন।”