রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২৭, ২০২৬, ১২:৫৯ পিএম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ASSET প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের জব ফেয়ার শিক্ষার্থীদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনজুর মোর্শেদ সুমন এবং গ্রিনটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. হারিসুল ইসলাম।

এবারের জব ফেয়ারে দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ও কোম্পানি অংশগ্রহণ করে। দিনব্যাপী চলা এই আয়োজনে চাকুরপ্রত্যাশী শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি ভাইবা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। অনেক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।