রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব

মো: মামুনুর রশিদ

আগস্ট ৭, ২০২৬, ০৫:২৭ পিএম

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী উৎসব

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দিপই ৬০ বছর উদযাপন কমিটির আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের অন্যতম প্রাচীন এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন ঘিরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমীন এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এক্স স্টুডেন্ট ফোরামের সভাপতি প্রকৌশলী মো. নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও দিপই ৬০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মণ্ডল। বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানটির দীর্ঘ ৬০ বছরের গৌরবময় ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করেন।

তারা বলেন যে গত ছয় দশকে এই প্রতিষ্ঠানটি দেশের কারিগরি শিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই পুনর্মিলনী উৎসবের মাধ্যমে বিভিন্ন ব্যাচের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মধুর স্মৃতিচারণ এবং সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, তাদের অবদানের কথা স্মরণ করা হয়।

আলোচনা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান শিক্ষার্থী এবং এক্স স্টুডেন্ট ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিবন্ধনের মধ্য দিয়ে হীরক জয়ন্তী উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো।