বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

টর্চের আলোয় বাঁচল চালকের প্রাণ, ঘোড়াঘাটে ছিনতাইকারী গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:০৯ পিএম

টর্চের আলোয় বাঁচল চালকের প্রাণ, ঘোড়াঘাটে ছিনতাইকারী গ্রেপ্তার

ঘোড়াঘাটে ছিনতাই গ্রেপ্তার:দিনাজপুর টিভি ছবি

টর্চলাইটের এক ঝলকানিই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল এক অটোরিকশা চালকের প্রাণ। ছিনতাই করে হত্যার উদ্দেশ্যে নির্জন স্থানে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তির টর্চের আলো দেখে ভড়কে যায় ছিনতাইকারীরা। পরে চালকের সাহসিকতা ও এলাকাবাসীর সহায়তায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামেশ্বরপুর এলাকায় এই রোমহর্ষক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মোস্তফা মিয়া ওরফে মোস্তা (৫৬), তিনি উপজেলার কুন্দারামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে যাত্রী সেজে ডুগডুগি বাজার থেকে রাণীগঞ্জ যাওয়ার কথা বলে তিন ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে। পথে রামেশ্বরপুর এলাকার নির্জন স্থানে চালককে জিম্মি করে তারা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। চক্রের একজন অটোরিকশা নিয়ে পালিয়ে গেলেও বাকি দুইজন চালককে ধানক্ষেতে নিয়ে ছুরি ধরে হত্যার চেষ্টা চালায়। চালকের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ছুরিকাঘাতে আহত হন।

ঠিক সেই মুহূর্তে পাশের জমিতে সেচ দিতে থাকা এক ব্যক্তির টর্চলাইটের আলো দেখে ছিনতাইকারীরা ভড়কে যায়। এই সুযোগে আহত চালক সাহসিকতার সাথে মোস্তফাকে জাপটে ধরেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় চালক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতে পাঠানো হয়েছে এবং বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।