বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর নার্সিং কলেজে বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৮:১২ পিএম

দিনাজপুর নার্সিং কলেজে বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত

দিনাজপুর নার্সিং কলেজ মেলা।ছবি-দিনাজপুর টিভি

‘লক্ষ্য হতে হবে দক্ষ’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে এসেট প্রজেক্ট ও বিশ্বব্যাংকের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ ড. কহিনূর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসেট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান। 

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা দিনাজপুর নার্সিং কলেজের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে দেশের বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি দক্ষ জনবল তৈরি সহজ হবে। 

বক্তারা যার যার অবস্থান থেকে এ ধরনের মহৎ উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।চাকরি মেলায় মোট ৮টি স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। নার্সিং সম্পন্ন করা শতাধিক চাকরিপ্রত্যাশী এই মেলায় তাদের জীবনবৃত্তান্ত বা সিভি জমা দেন। মেলায় সিভি পর্যালোচনার পাশাপাশি তাৎক্ষণিক ভাইভা বা মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। উল্লেখ্য, দিনাজপুর নার্সিং কলেজ থেকে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী সফলভাবে শিক্ষা জীবন শেষ করে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল, রোহিঙ্গা ক্যাম্প এবং আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতালের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ল্যাম্ব লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের অধ্যক্ষ স্মিতা হাসদা, টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রীতা রাণী পাল, ল্যাম্ব নার্সিং মিডওয়াইফারি ইনস্টিটিউটের অধ্যক্ষ লিপিকা জেসিন্ত মধু এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক তোফায়েল আহমেদ। এছাড়াও চেকআপ ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালের প্রতিনিধি মো. সাইফুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রুৎমির এবং নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বেঞ্জামিন দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।