শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে জেএসকেএস-এর দক্ষতা উন্নয়ন সমন্বয় সভা

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৭:৪৯ পিএম

দিনাজপুরে জেএসকেএস-এর দক্ষতা উন্নয়ন সমন্বয় সভা

জেএসকেএস-এর সমন্বয় সভা

দিনাজপুরের সুইহারীস্থ এনজিও ফর পাবলিক হেলথ মিলনায়তনে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস)-এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার জিএফএ কনসাল্টিং গ্রুপের সহযোগিতায় এবং ‍‍`নাগরিকতা-সিভিল এনগেজমেন্ট ফান্ড (সিইএস)‍‍` ইমপাওয়ার প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাগুলোর সাথে এই সভাটি সম্পন্ন হয়। 

সভায় মূলত প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জেএসকেএস-এর নির্বাহী পরিচালক মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল। 

ইমপাওয়ার প্রকল্পের ম্যানেজার হারুন-অর-রশিদের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, বিরল উপজেলা সমবায় কর্মকর্তা রাজিউদ্দিন এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি প্রস্তুতি হালদার। এছাড়াও হরিজন জনগোষ্ঠীর অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব বাসফোর এবং আদিবাসী নেতা রবিন মাড্ডি সভায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রান্তিক আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জন্য সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা জরুরি যেখানে জাত-পাত বা অন্য কোনো সামাজিক বৈষম্য থাকবে না। তারা আরও উল্লেখ করেন যে, আদিবাসী ও দলিত নারীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৮) অর্জন করা সম্ভব। 

এতে করে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। উক্ত সমন্বয় সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আদিবাসী-দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইমপাওয়ার প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট মর্জিনা রূপা এবং প্রজেক্ট অফিসার সাইফুল আলম।