ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৪৮ পিএম
দিনাজপুর সদর উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত এলাকা হিসেবে ঘোষণার লক্ষ্যে ছাত্রীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও দিনাজপুর এরিয়া প্রোগ্রামের যৌথ আয়োজনে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রীরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয়।
সদর উপজেলাকে সামাজিক ব্যাধিমুক্ত করার যে মহাপরিকল্পনা গৃহীত হয়েছে, এই ফুটবল ম্যাচটি সেই প্রচার অভিযানেরই একটি অংশ।ফুটবল খেলা শেষে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরীফিকেশন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম কেবল কঠোর আইনের দ্বারা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সামাজিক সচেতনতা।
তিনি উপস্থিত সকলকে বাল্যবিবাহ ও শিশুশ্রমের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করার আহ্বান জানান। শিশুদের জন্য একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে ওয়ার্ল্ড ভিশন স্থানীয়দের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘকাল ধরে শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে শিশুদের বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সামাজিক ব্যাধি রোধ এবং নিজ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষে শপথ বাক্য পাঠ করেন। পরিশেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন