ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৩:৫১ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১০২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বোচাগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত লালু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৩৮) এবং একই গ্রামের মৃত অলিন চন্দ্র রায়ের ছেলে শ্রী কার্তিক চন্দ্র রায় (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরমেশ্বরপুর বিওপির টহল দলটি সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় দেড় কিলোমিটার ভেতরে লক্ষ্মীপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে ভারতীয় ১০২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ৬০০ টাকা। আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিদের মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিনায়ক জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে অঙ্গীকারবদ্ধ। সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সজাগ দৃষ্টি রাখছে বলে তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন