বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক সভার উদ্বোধন

মো: মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৪:০২ পিএম

দিনাজপুরে পরীক্ষার্থীদের দিকনির্দেশনামূলক সভার উদ্বোধন

শিক্ষা উপকরণ বিতরণ :ছবি-দিনাজপুর টিভি

সফলতার জন্য কেবল মেধা নয়, বরং কঠোর পরিশ্রম ও নিয়মিত পড়াশোনার চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি-এর উদ্যোগে নিবন্ধিত এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজিত ‘পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক সভা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা একদিন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। বর্তমানে দেশে যে গণতান্ত্রিক কার্যক্রম শুরু হয়েছে, তার সুফল পেতে হলে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। 

প্রতিটি শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের কর্ণধার হওয়ার প্রস্তুতি নিতে হবে এবং মনে রাখতে হবে যে পড়াশোনার কোনো বিকল্প নেই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ১৮২ জন পরীক্ষার্থীর প্রত্যেকের হাতে উপহার হিসেবে ১৪টি খাতা ও ১২টি করে কলম তুলে দেন।দিনাজপুর এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 

স্বাগত বক্তব্যে স্পন্সরশিপ এবং চাইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম সংস্থার শিক্ষা ও শিশু সুরক্ষা কার্যক্রমের ওপর আলোকপাত করেন। সভায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন আল আমিন, মোছাঃ রেশমা ও প্রগতি দাস। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও। বক্তারা উপস্থিত পরীক্ষার্থীদের পরীক্ষার ভীতি কাটিয়ে আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।