বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কুরআন বিতরণ

ফাহিম হোসেন রিজু

মার্চ ১৫, ২০২৬, ০৭:৫৯ পিএম

ঘোড়াঘাটে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কুরআন বিতরণ

কুরআন হাতে শিক্ষার্থীরা -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আলিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য উদযাপন উপলক্ষে সুধী সমাবেশ ও পবিত্র কুরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার শালিকাদহ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন পরিচালিত এই প্রতিষ্ঠানের বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সমাবেশে শিক্ষার্থীদের সাফল্যের অভাবনীয় চিত্র ফুটে ওঠে। মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী সফলভাবে পাঠ শেষ করায় তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। এছাড়াও তৃতীয় শ্রেণীর ১৩ জন শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো পবিত্র কুরআন খতম সম্পন্ন করায় তাদের বিশেষ সম্মাননা প্রদান করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, "বর্তমান যুগে আধুনিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। আব্দুর রহমান মাল্টিমিডিয়া বিদ্যানিকেতন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।" কোমলমতি শিশুদের এই অসামান্য সাফল্য তাদের ভবিষ্যতে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।