এপ্রিল ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৈশাখী মেলা। উপজেলার বুলাকীপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ‘মোজাম বিনোদন পার্কে’ মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পার্ক প্রাঙ্গণ।
পার্কটির স্বত্বাধিকারী মোজাম্মেল হক মোজামের উদ্যোগে আয়োজিত এই মেলা পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কে রয়েছে বাহারি সব আয়োজন। শিশু-কিশোরদের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা ও ড্রাগন রেলের মতো রোমাঞ্চকর রাইড।
এছাড়া বিনোদন প্রেমীদের বাড়তি আনন্দ দিতে পার্কে অবস্থিত জলাশয়ে স্পিডবোট ও নৌকায় ভ্রমণের সুব্যবস্থা রাখা হয়েছে। তীব্র গরম উপেক্ষা করেই দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ মেলা ও পার্কের সৌন্দর্য উপভোগ করছেন।
মেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী মেলা এখন সচরাচর দেখা যায় না। মোজাম বিনোদন পার্কে আধুনিক রাইডের পাশাপাশি বৈশাখী মেলার আয়োজন ঈদ বা নববর্ষের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ১৫ দিনব্যাপী মেলা চলার ঘোষণায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের নির্মল বিনোদনের সুযোগ তৈরি হয়েছে।
আয়োজক মাশরাফি হাসান সোহান বলেন, বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে বরণ করে নিতে এবং স্থানীয় সাধারণ মানুষের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ দিন প্রতিদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মেলা ও বিনোদন পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন