শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু

মে ৪, ২০২৬, ০৪:০১ পিএম

ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং গরু বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।গত ২ মে রাতে নূরপুর (রাণীগঞ্জ) গ্রামের কৃষক মাহাবুবুল আলমের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। 

চুরিকৃত গবাদি পশুর মধ্যে একটি শাহীওয়াল জাতের গর্ভবতী গাভী এবং একটি ফ্রিজিয়ান বকনা বাছুর ছিল। ভুক্তভোগী কৃষক ৩ মে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে মাহমুদুল হাসান মুন্না (২৮) নামে এক যুবককে শনাক্ত করা হয়। 

তাকে গ্রেপ্তারের পর দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ মে ভোররাতে চক্রের মাস্টারমাইন্ড মো. কাওসার ইসলামকে (৩০) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন পিকআপ চালক সুভেল মিয়া (৩০), আল রাহিদ আপন (২৫) এবং ফাহিম ইসলাম (২৫)।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, চুরির পর তারা গরু দুটিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাটে ৯৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। পুলিশ গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (বগুড়া ন-১১-১৮৩১) জব্দ করেছে। চক্রের মূল হোতা কাওসারের বিরুদ্ধে পীরগঞ্জ ও ঘোড়াঘাট থানায় আগেও একাধিক মামলা রয়েছে।হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ. ন. ম নিয়ামত উল্লাহ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আন্তঃজেলা চোর চক্রের অবস্থান শনাক্ত করে ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিদের কাছ থেকে গরু বিক্রির নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর এবং তারা দেশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে চুরির কাজ করে থাকে। তাদের নামে ইতিপূর্বে ট্রান্সফারমার চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।