জুলাই ২৭, ২০২৬, ০৩:১৪ পিএম
সীমান্তবর্তী এলাকার বেকার যুবদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ কোর্সের প্রারম্ভিক সূচনা হয়।
আগামী ২০ আগস্ট পর্যন্ত চলা এই উদ্যোগে স্থানীয় সীমান্তবর্তী এলাকার নির্বাচিত ১০ জন বেসামরিক তরুণ অংশ নিচ্ছেন।প্রযুক্তি শিক্ষার মাধ্যমে সীমান্ত যুবকদের আত্মনির্ভরশীল করাই এই উদ্যোগের লক্ষ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ সীমান্ত এলাকার তরুণদের চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে বিজিবি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন