আগস্ট ১৮, ২০২৬, ১১:৫৭ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুটি ফুলবাড়ী শহরের একটি বিদ্যালয়ের ছাত্রী ছিল এবং তার মা ওই প্রতিষ্ঠানেই কর্মরত। সকালে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগতির বাস শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা সকাল ৯টা থেকে প্রায় এক ঘণ্টা হাসপাতাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ হাসানের আশ্বাসে জনতা অবরোধ তুলে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন