রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ১২:৪৯ পিএম

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব

চলতি এপ্রিল মাসে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা জানান বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। 

তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী এপ্রিল মাসে জ্বালানি তেল নিয়ে বাংলাদেশ সম্পূর্ণ নিরাপদ অবস্থানে রয়েছে। তাই সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যে ছয়টি জাহাজ ছেড়ে দিয়েছে, তার মধ্যে একটিতে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রয়েছে। ওই জাহাজটি নির্ধারিত সময়ের মধ্যে দেশে পৌঁছে গেলে ইস্টার্ন রিফাইনারিতে তেলের কোনো ঘাটতি থাকবে না। 

ফলে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। তিনি মনে করেন, আন্তর্জাতিক পর্যায় থেকে তেলের সরবরাহ সময়মতো পাওয়া গেলে দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।তবে জ্বালানি তেলের সংকট এড়াতে নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে জ্বালানি বিভাগ। যুগ্ম সচিব বলেন, সাধারণ মানুষের মধ্যে যদি প্রয়োজনের অতিরিক্ত তেল মজুতের প্রবণতা না থাকে, তবে দেশে কোনো সংকট তৈরি হবে না। 

সংকটময় এই সময়ে প্রত্যেক নাগরিকের উচিত জ্বালানি সাশ্রয় করে দেশ ও জাতিকে সহযোগিতা করা। বর্তমান সরকারকে জনগণের সরকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের কষ্টের কথা চিন্তা করেই সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।এদিকে জ্বালানির অবৈধ মজুত ও কালোবাজারি রোধে দেশজুড়ে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। 

সরকারি তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ১ এপ্রিল সারা দেশে অভিযান চালিয়ে ২৫ হাজার ৫৩৭ লিটার অবৈধ মজুতকৃত তেল জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের দমনে আগামী দিনগুলোতেও এমন ঝটিকা অভিযান জোরদার থাকবে।