এপ্রিল ১৫, ২০২৬, ০৩:২৫ পিএম
দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে বড় ধরনের সুখবর দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সংস্থাটি জানিয়েছে, শুধু চলতি এপ্রিল মাস নয়, বরং আগামী মে মাসেও দেশে তেল নিয়ে কোনো ধরনের সংকট বা সমস্যা তৈরি হবে না।
বুধবার (১৫ এপ্রিল) এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে জ্বালানি তেলের যে পরিমাণ মজুত রয়েছে, তাতে আগামী অন্তত দুই মাস নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ব্যাপক নজরদারি ও অভিযান চালানো হয়েছে।
এই সময়ের মধ্যে মোট ৯ হাজার ১১৬টি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩ লাখ ৬৬ হাজার লিটার ডিজেল এবং উল্লেখযোগ্য পরিমাণ অকটেন ও পেট্রোল রয়েছে।বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে সরকারি ভাণ্ডারে ডিজেল মজুত রয়েছে ১ লাখ ১ হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন এবং পেট্রোল ১৮ হাজার ২১১ টন।
এছাড়া আকাশপথের জন্য জেট ফুয়েলের মজুত রয়েছে ৭৭ হাজার ৫৪৬ টন। তিনি স্পষ্ট করে বলেন, সরকার কোনোভাবেই তেলের সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেয়নি। তবে রাজধানীর কিছু এলাকায় গ্রাহকদের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল কেনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। ঢাকার বাইরের পাম্পগুলোতে কোনো বাড়তি ভিড় নেই এবং সরবরাহ পরিস্থিতি সেখানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
শিল্প-কারখানার জন্য ডিজেলে কোনো ঘাটতি নেই এবং নির্ধারিত তালিকা অনুযায়ী চাহিদা মাফিক জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এছাড়া ভবিষ্যতে তেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বেসরকারিভাবে আরও ১৪ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। প্রতি মাসের মতো মে মাসেও তেলের দাম সমন্বয়ের বিষয়টি আন্তর্জাতিক বাজার ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানান যুগ্ম-সচিব। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বা আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন